Official Circulars
& Notice Board of ITET
Notice Center
Filter by date intervals, categories, or search circular titles
আইটিইটি বাংলাদেশের মহাসচিবের বিদেশে অবস্থানকালীন দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে
ITET Membership Renewal & Revised Fee Notice
ITET Membership Renewal & Revised Fee Notice আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা। প্রিয় টেক্সটাইল প্রকৌশলীবৃন্দ, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET) বাংলাদেশ-এর সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সদস্যদের প্রোফাইল হালনাগাদ, মেম্বারশিপ নবায়ন এবং নতুন সদস্য কার্ড সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সকল সদস্যকে ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ITET-এর অফিসিয়াল ওয়েবসাইট **www.itetbd.net**-এ নিজ নিজ প্রোফাইল হালনাগাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। 📌 ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর নতুন সদস্য ফি: 🔹 লাইফ মেম্বারশিপ: ৫,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০,০০০ টাকা 🔹 জেনারেল মেম্বারশিপ (২ বছর): ১,৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ২,০০০ টাকা 🔹 জেনারেল মেম্বারশিপ নবায়ন: ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা বর্তমান জেনারেল মেম্বারশিপ কার্ডের মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত নির্ধারিত থাকবে। সকল প্রকৌশলী বৃন্দকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ সদস্যতথ্য হালনাগাদ ও প্রয়োজনীয় নবায়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ITET আমাদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সম্মিলিত প্ল্যাটফর্ম। আসুন, সক্রিয় সদস্যপদ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের প্রিয় সংগঠনকে আরও শক্তিশালী করি। ধন্যবাদান্তে, ইঞ্জি. এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন মহাসচিব ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET) বাংলাদেশ
ITET Membership Announcement
শোকবার্তা
শোকবার্তা ও জানাজার সময়সূচি বুটেক্সের অধ্যাপক ড. মো. মশিউর রহমান খানের ইন্তেকালে আইটিইটির গভীর শোক প্রকাশ গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং-এর ডিন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান (দর্পণ) আজ ১৭/১০/২০২৬ইং, শনিবার, বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মরহুম ড. মো. মশিউর রহমান খান (দর্পণ) বুটেক্সের ১২তম ব্যাচের একজন কৃতী প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের টেক্সটাইল শিক্ষাঙ্গনের একজন শ্রদ্ধেয় শিক্ষক ও গুণী শিক্ষাবিদ ছিলেন। শিক্ষকতা, গবেষণা এবং টেক্সটাইল প্রকৌশল শিক্ষার উন্নয়নে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে দেশের টেক্সটাইল অঙ্গন একজন শ্রদ্ধেয় শিক্ষক, দক্ষ শিক্ষাবিদ ও নিবেদিতপ্রাণ প্রকৌশলীকে হারাল। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আইটিইটির সভাপতি প্রকৌশলী মোঃ এনায়েত হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তিনি টেলিফোনে এই শোকাবহ সংবাদে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং সমগ্র টেক্সটাইল প্রকৌশলী সমাজের প্রতি আন্তরিক শোক ও সহমর্মিতা জানিয়েছেন। মরহুমের জানাজার সময়সূচি: প্রথম জানাজা: আগামীকাল, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯.০০টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা: উত্তরা ৪ নম্বর সেক্টর জোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দাফন: উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে সম্পন্ন হবে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি, ধৈর্য ও তাওফিক দান করুন। আমিন। দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের পক্ষে- ইঞ্জিনিয়ার সুমায়েল মুহাম্মদ মল্লিক ভারপ্রাপ্ত সভাপতি আইটিইটি, বাংলাদেশ ইঞ্জিনিয়ার এ.এস.এম.হাফিজুর রহমান নিক্সন মহাসচিব আইটিইটি, বাংলাদেশ
তিতাস গ্যাসকে আইটিইটির প্রস্তাবনা।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ITET প্রতিনিধিদলের মতবিনিময় — শিল্পখাতে গ্যাসের চাপ বৃদ্ধির জোর দাবি দেশের টেক্সটাইল ও শিল্পখাতে চলমান তীব্র গ্যাস সংকট, নিম্ন গ্যাসের চাপ এবং এর ফলে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত ও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে The Institution of Textile Engineers and Technologists (ITET) Bangladesh-এর একটি প্রতিনিধিদল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে অদ্য ১৪ সেপ্টেম্বর-২০২৬, সোমবার এক মতবিনিময় সভায় মিলিত হয়। ITET বাংলাদেশের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি দেশের বিভিন্ন টেক্সটাইল ও শিল্পকারখানায় বিদ্যমান গ্যাস সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন। বিশেষ করে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে—বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। প্রতিনিধিদল জোরালোভাবে দাবি জানায়, টেক্সটাইলসহ শিল্পখাতে দ্রুততম সময়ের মধ্যে গ্যাসের চাপ প্রয়োজনীয় পর্যায়ে উন্নীত করতে কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও বাস্তবসম্মত উদ্যোগ কামনা করা হয়। সভায় আরও তুলে ধরা হয় যে, টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পকারখানাগুলো দীর্ঘদিন গ্যাস সংকটে ভুগতে থাকলে শুধু উৎপাদন ও রপ্তানি নয়, বরং কর্মসংস্থান, শ্রমিকদের জীবিকা, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক শিল্প অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতও অত্যন্ত গুরুতর হতে পারে। সভায় ITET-এর সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার সুমায়েল মোহাম্মদ মল্লিক, সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মিয়া মোঃ মাইনুল ইসলাম পলাশ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান ( আনিস), সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মইদুল ইসলাম ( মঈদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার চন্দ্র শেখর দাস, সমাজকল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরফান আলী প্রামাণিক, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম জনি, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শরিফুল আমিন, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান (রবিন) এবং ইঞ্জিনিয়ার রাসেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ITET-এর পক্ষ থেকে দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থে শিল্পখাতে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গ্যাসের চাপ দ্রুত বৃদ্ধির জন্য তিতাস গ্যাসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। তিতাস গ্যাসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রতিনিধিদলের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন
বস্ত্র খাতের উন্নয়ন ও সংস্কারে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের সাথে ITET-এর ১৫তম কাউন্সিলের ফলপ্রসূ বৈঠক
"বস্ত্র খাতের উন্নয়ন ও সংস্কারে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের সাথে ITET-এর ১৫তম কাউন্সিলের ফলপ্রসূ বৈঠক" আজ (২৩শে আগস্ট ২০২৬) The Institution of Textile Engineers & Technologists (ITET)-এর নবনির্বাচিত ১৫তম কাউন্সিলের সম্মানিত সভাপতি ইঞ্জি. মোঃ এনায়েত হোসেন এবং মহাসচিব ইঞ্জি. এএসএম হাফিজুর রহমান নিক্সন-এর নেতৃত্বে ITET এর এক প্রতিনিধি দল বস্ত্র অধিদপ্তরের সম্মানীয় মহাপরিচালক (সচিব) ড. মোঃ আবদুস সবুর মহোদয়ের সাথে এক অত্যন্ত আন্তরিক ও গঠনমূলক বৈঠকে মিলিত হন। বৈঠকে ITET প্রতিনিধি দলের সাথে আরও উপস্থিত ছিলেন ITET-এর সহসভাপতি ও বস্ত্র অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. আব্দুস সালাম সহ বস্ত্র অধিদপ্তর, টেক্সটাইল কলেজের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বৈঠকে দেশের টেক্সটাইল শিক্ষা, শিল্প এবং বস্ত্র অধিদপ্তরের সার্বিক উন্নয়নে ITET-এর পক্ষ থেকে একটি বিস্তারিত প্রস্তাবনা ও স্মারকলিপি হস্তান্তরের পাশাপাশি টেক্সটাইল খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মহাপরিচালক মহোদয় অত্যন্ত গুরুত্বের সাথে সমস্ত বিষয় শোনেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে আলোচিত ও প্রস্তাবিত প্রধান বিষয়সমূহ: • DPC (Departmental Promotion Committee) ও পদোন্নতি: অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যোগ্য প্রার্থীদের দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি দ্রুত সম্পন্ন করতে DPC সভা আহ্বান করা এবং প্রমোশন সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে বিস্তারিত কথা হয়। বিশেষ করে, বিভিন্ন টেক্সটাইল ইনস্টিটিউট ও কলেজের যেসব শিক্ষকের ডিও (DO) হওয়া সত্ত্বেও পদোন্নতি হয়নি, তাঁদের দ্রুত পদোন্নতি নিশ্চিত করার জন্য তাগাদা ও জোর সুপারিশ প্রদান করা হয়। • TVI (Textile Vocational Institute) প্রকল্পের ১১৮ জন জনবল: ১০টি TVI-এর ১১৮ জন কর্মকর্তা-কর্মচারীর রাজস্বকরণ ও বেতন-ভাতা নিয়মিতকরণের ফাইলটি বর্তমানে হাইকোর্টে রিভিউ (High Court Review) পর্যায়ে রয়েছে—এ বিষয়ে আইনি প্রক্রিয়ার আপডেট ও দ্রুত বাস্তবায়নের বিষয় আলোচনা হয়। • কারিকুলাম ও সিলেবাস কমিটি: BGMEA, BKMEA, BTMA এবং BUTEX ও BUFT-এর সহযোগিতায় নীতি নির্ধারণী প্রক্রিয়া ও টেক্সটাইল সিলেবাস কমিটিতে ITET-এর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। • চীনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ (MoU): দুটি শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরের উদ্যোগ ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়, যা শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চতর প্রশিক্ষণে সহায়তা করবে। • রূপনগরে ১ একর জমি ও ট্রেনিং একাডেমি: মিরপুর রূপনগরে অবস্থিত ১ একর জমিতে বস্ত্র খাতের কর্মীদের জন্য একটি আধুনিক ট্রেনিং একাডেমি গড়ে তোলার বিষয়ে কথা হয়। • TVI-এর জন্য Textile Education Board: Textile Vocational Institute (TVI)-গুলোর শিক্ষা ব্যবস্থাপনা ও সমন্বয়ের লক্ষ্যে একটি পৃথক Textile Education Board গঠনের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। • নিয়োগবিধি সংশোধন: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষক ও কর্মকর্তাদের জন্য যুগোপযোগী ও পৃথক নিয়োগবিধি সংশোধনের ফাইলটি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে (Ministry of Public Administration) প্রক্রিয়াধীন রয়েছে—যা দ্রুত বাস্তবায়নে জোর দেওয়া হয়। মহাপরিচালক ড. মোঃ আবদুস সবুর মহোদয় ITET-এর এই নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বস্ত্র খাতের যেকোনো নীতি নির্ধারণী পদক্ষেপে ITET-কে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন। একই সাথে বিষয়গুলোর দ্রুত বাস্তবায়নে তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তাগিদ প্রদান করেন। ITET বিশ্বাস করে পেশাগত অংশীদারিত্বের মাধ্যমেই একটি শক্তিশালী টেক্সটাইল শিক্ষা, দক্ষ মানবসম্পদ এবং আধুনিক বস্ত্র প্রশাসন গড়ে তোলা সম্ভব।
